
ম্যালেনা, আমি যুদ্ধে আসার পর
সিসিলিতে নিশ্চয়ই তুমি খুব একা।
স্বামী যার অন্তর্ধানে,
হৃদয়ে তার প্রসূত বেদনার নির্মম কলতান।
নির্মেদ কোনো অস্ত্রের মুখোমুখি— জ্বলন্ত সিগারেট,
শেষ চুম্বন ভেবে ঠোঁটে তুলে নাও অবলীল।
তোমার রাতপোশাকের দোলাচল পেরিয়ে
নিটোল উরু জুড়ে বয়ে চলে তন্ময় বসন্ত।
নগ্ন সমাজ এঁকে দিলো ব্যবধি— স্বপ্নের ওপারে।
অর্থাৎ, নির্জন এই জনারণ্যে তুমি হাঁটছ নিবিড়,
বসন্তের মাঠ পেরিয়ে মাধবীর রঙ,
দু-পাঁচটা গাঙচিল উড়ে যাবে ভেবে
উপকূল জুড়ে উৎকণ্ঠা পুষে রেখো না।
