মহাসময়

আল শাহারিয়া

প্রাচীন পাখির ঠোঁটে বর্ণিল বর্ণমালায়
লিখেছে রাইম স্যামুয়েল কলরিজ
অভিমানী বৃষ্টির কাছে শূন্য নদী অসহায়
শুকনো মাস্তুল‚ নাবিকের কার্নিশ।
যে মৃত্যুর অপরিণত দূরত্বে আছে বেঁচে
সুদর্শন কবির দেশীয় হৃৎপিণ্ডের তন্তুরা
হবে সে দূরত্বের অবসান‚ সময়কে বেচে
যাবে গহীন অরণ্যে‚ ছিঁড়ে খাবে জন্তুরা।

রক্তের হ্রদে যাযাবর ক্ষুধার্ত মাংসাশী মাছ
পিরানহা- পিক্সেল কাটবে সাঁতার, চেয়ে দেখো তুমি।
ততদিনে আমি তৃতীয় স্তরের এক সুস্বাদু খাবার
মহাবিশ্বে বেঁচে খুঁজি পথ শুধু পালিয়ে যাবার।

অবুঝ শিশুর মতো সমস্ত নিষিদ্ধ-প্রসিদ্ধ ভাবনার
একটাই জানি ঠিকানা‚ তোমার ভেতর, তুমি জানলেই না।
আমি আছি মহাবিশ্বের দুর্গপ্রাচীর জুড়ে
উড়ি মহাসময়ের মহাপ্রলয়ে‚ তুমি মানলেই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *